
রায়গঞ্জ ( সিরাজগঞ্জ)প্রতিনিধি
রায়গঞ্জে ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রেই জন্ম নেয় নবজাতক খালেদা। জন্মের পর শিশুটির ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে বিশেষ পরিচর্যা হিসেবে ক্যাংগারু মাদার কেয়ার (কেএমসি) দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জন্মের পর শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কম ওজনের কারণে বাড়তি যত্ন প্রয়োজন। এ অবস্থায় মা ও শিশুর সরাসরি শারীরিক সংস্পর্শ বজায় রেখে ক্যাংগারু মাদার কেয়ার পদ্ধতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে, যা নবজাতকের দ্রুত সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে ডা. ফারিহা তাসনিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়গঞ্জ বলেন, “কম ওজনের নবজাতকদের জন্য ক্যাংগারু মাদার কেয়ার অত্যন্ত কার্যকর। এতে শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, দ্রুত ওজন বাড়ে এবং সংক্রমণের ঝুঁকি কমে।” তিনি নবজাতকের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং পরিবারকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
চিকিৎসকদের আশা, নিয়মিত পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতক খালেদা দ্রুত সুস্থ হয়ে উঠবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংসারিক কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন ভোট দিতে যান বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট প্রদান শেষে লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হলে উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার, বিষয়টি জেনে সিরাজগঞ্জ জেলা প্রশাসককে মা ও শিশুর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পরবর্তীতে জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
মানবিক সহায়তা ও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এখন সুস্থতার পথেই এগোচ্ছে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া ছোট্ট খালেদা—এমনটাই আশা