
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের মাছ ধরা নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাস খতিয়ানভুক্ত ‘সোলেমান পুকুর’ নামে প্রায় ৮ বিঘা আয়তনের একটি জলাশয়ে গত ১১ বছর ধরে মোশাররফ হোসেন আকন্দসহ ১৬ জন সুফলভোগী মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পুকুরটির দখল ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, তসির মেম্বারের নেতৃত্বে শফিকুল ইসলাম ও জয়নাল আকন্দসহ একটি পক্ষ পুকুরটির নিয়ন্ত্রণ নেয়। মঙ্গলবার সকালে তারা জেলেদের নিয়ে মাছ ধরতে গেলে পূর্বের চাষি পক্ষের মোশাররফ হোসেন ও ইউনুস এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
সংঘর্ষে রবিউল হাসান নামে একজন আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাছবোঝাই একটি গাড়ি থানায় নিয়ে যায়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে মাছ বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সোনাখাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার এর জিম্মায় রাখা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মাছ পচনশীল হওয়ায় উভয় পক্ষের সম্মতিতে তা বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।