
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান উৎপাদনে পানি সাশ্রয়ী প্রযুক্তি এ ডব্লিউ ডি (AWD) পদ্ধতির ব্যবহার বাড়াতে কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিএডিসি রায়গঞ্জ জোন অফিসের হলরুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সিরাজগঞ্জ সেচ বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মশালার আওতায় রায়গঞ্জ উপজেলার মোট ২৫০ জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। কর্মশালায় ধান চাষে আধুনিক সেচ ব্যবস্থাপনা ও পানি সাশ্রয়ের কৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে জানানো হয়, সনাতন পদ্ধতিতে ১ কেজি ধান উৎপাদনে প্রায় ৩ হাজার লিটার পানি প্রয়োজন হয়, কিন্তু AWD পদ্ধতিতে মাত্র প্রায় ৭০০ লিটার পানি ব্যবহার করেই একই পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব। ফলে এই প্রযুক্তি ব্যবহার করলে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় করা যায়। একই সঙ্গে বিদ্যুৎ ও ডিজেল খরচ কমে এবং উৎপাদন ব্যয়ও হ্রাস পায়।
প্রশিক্ষণে কৃষকদের দেখানো হয় কীভাবে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিক বা বাঁশের পাইপ ধানক্ষেতে স্থাপন করে মাটির ভেতরের পানির স্তর পর্যবেক্ষণ করা যায়। পানির স্তর নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে তখন সেচ দিতে হয়। এর ফলে অপ্রয়োজনীয় পানি অপচয় রোধ হয় এবং জমির উর্বরতাও বজায় থাকে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, বিএডিসি রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মন এবং বিএডিসি রায়গঞ্জ ও তাড়াশ ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মমিনুর ইসলাম।
বক্তারা বলেন, বর্তমানে পানির সংকট মোকাবিলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পানি সাশ্রয়ী প্রযুক্তি AWD অত্যন্ত কার্যকর। এ প্রযুক্তি ব্যবহার করলে কৃষকের সেচ খরচ কমবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তারা নতুন ধারণা পাচ্ছেন এবং ভবিষ্যতে তাদের ধান চাষে AWD পদ্ধতি প্রয়োগ করবেন।
আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক সেচ প্রযুক্তি ছড়িয়ে দিতে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।