
মনোয়ারুল ইসলাম, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আইরিন বেগম (২৯) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের বলদিপুকুর ওভারপাসের পূর্ব পাশে মা-বাবার দোয়া হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা ডিবির এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মন ও ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় নারী পুলিশ কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালিয়ে আইরিন বেগমের পরিহিত পোশাক থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আইরিন পালানোর চেষ্টা করলে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাকে মাদকসহ আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আটক আইরিন বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি মো. সম্রাজুল হকের স্ত্রী।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও আটক নারীকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।