
রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর সেনপাড়া ও কামারপাড়া এলাকা থেকে সালমান (২০) ও স্বপ্ন (২১) নামে ওই দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনই শিক্ষার্থী।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, ওই ছাত্রীর সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর তাকে নগরীর কামারপাড়ায় স্বপ্নর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সালমান ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশের ভাষ্য, এ সময় ওই ছাত্রীর ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই ভিডিও ব্যবহার করে ছাত্রীর মায়ের ইনস্টাগ্রাম ইনবক্সে অর্থ দাবি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মহানগর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই তরুণকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পরে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দুজনকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে, একই আদালতে ওই শিক্ষার্থী ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে।