
মোঃআমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা অর্থ সহায়তা বিতরণের আয়োজন করে। কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, গত ৫ জুন শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।
কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পক্ষে পুরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন। আল্লাহ তায়ালা আপনাদের খারাপ সময় দুর করে দেবেন।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আপদে-বিপদে আপনাদের পাশে আছে।
অর্থ সহায়তা বিতরণকালে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।