
মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বোরকা পরে ‘নাগীন’ গানের তালে নৃত্য পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিন তরুণী। পরে তারা নিজেদের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন।
জানা যায়, উলিপুরের অরণ্য রুপটন রেস্টুরেন্টের ১০ তলায় ধারণ করা ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, তিন তরুণী বোরকা পরে ‘নাগীন’ গানের মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করছেন।
ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একাংশের কাছে এটি ছিল নিছক বিনোদনের বিষয় হলেও, অন্যদিকে অনেকেই এর সমালোচনা করেন। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ, পর্দা প্রথা ও বোরকার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তোলেন সমালোচকরা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি স্থানীয় জনসাধারণের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরিস্থিতি স্বাভাবিক করতে পরবর্তীতে ওই তিন তরুণী একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তারা জানান, কাউকে আঘাত করা বা বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়নি; শুধুমাত্র বিনোদনের জন্য এটি ধারণ করা হয়েছিল।
ভিডিও বার্তায় তারা বলেন, “আমরা বিনোদন দেওয়ার জন্য নাচের ভিডিওটি করেছি। বিষয়টি নিয়ে এত বড় প্রতিক্রিয়া হবে, তা আমরা ভাবিনি। যদি আমাদের কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন।”
তরুণীদের এই ক্ষমা প্রার্থনার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত ও আলোচনা অব্যাহত রয়েছে। তবে অনেকেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।