
মো. আতিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং তরুণদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছেন কুড়িগ্রামের তরুণ স্বেচ্ছাসেবক ও জলবায়ু কর্মী মো. আতিকুর রহমান।
বর্তমানে তিনি বাংলা বিভাগে অনার্সে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি ২০১৯ সাল থেকে বিভিন্ন সামাজিক, মানবিক, পরিবেশ ও যুব উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন তিনি।
মো. আতিকুর রহমান প্রতিষ্ঠিত আলোকিত কাশিপুর যুব সংগঠন স্থানীয় পর্যায়ে যুব সমাজকে সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করতে কাজ করছে। সংগঠনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়াও তিনি ActionAid Bangladesh-এর সহযোগিতায় পরিচালিত ইউএসএস প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত রয়েছেন। পাশাপাশি Activista Bangladesh কুড়িগ্রামের একজন সক্রিয় সদস্য হিসেবে জলবায়ু ন্যায়বিচার, পরিবেশ সুরক্ষা এবং তরুণদের অংশগ্রহণ বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মো. আতিকুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা শুধু একটি দিনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। যুব সমাজকে পরিবেশ ও জলবায়ু বিষয়ে আরও সক্রিয় করে তুলতে আমি কাজ করে যেতে চাই।”
বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে মো. আতিকুর রহমান একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি ভবিষ্যতেও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।