
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের অনুষ্ঠানে নব দম্পতি কে বিরল ও মহাবিপন্ন চাপালিশ, বৈলাম,বুদ্ধ নারিকেল সহ বকুল, নিম ও পলাশ গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে।
শুক্রবার ( ৫ জুন) দুপুরে পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশের পক্ষ থেকে এ উপহার তুলে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম,আতিকুল ইসলাম বুলবুল, মো: সাজেদুল আলম, লেখক-গবেষক উজ্জল মাহাতো, মো: লুৎফর রহমান, এম,এ, মাজিদ, শামীউল হক শামীম, মৃণাল সরকার মিলু, মো: আশরাফুল ইসলাম আসিফ ও সনাতন দাশ ও মুশফিকুর রহিম ফাহিম।
জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পারিল গ্রামের বাসিন্দা মো: আব্দুল লতিফের ছেলে ও সাংবাদিক হাদিউল হৃদয়ের সাথে পাশ্ববর্তী দেওড়া গ্রামের বাসিন্দা মো: জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা: জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়।
উল্লেখিত বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমী এ উপহার নিয়ে হাজির হোন পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ।
মুহূর্তেই বিয়ের অনুষ্ঠানে এক ভিন্ন আবহ তৈরি হয়। উৎসুক বরযাত্রী সহ বিয়ে বাড়িতে আগত লোকজন উপহার দেখতে ভিড় জমান।
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পরিচালক মাহবুব ইসলাম পলাশ বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য অনুসঙ্গ। পাশাপাশি বিরল ও মহাবিপন্ন প্রজাতির গাছ রক্ষায় সবাই কে সচেতন করতে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়েছে।
লেখক – গবেষক উজ্জল মাহাতো বলেন, এই ব্যতিক্রমী উপহার দেখে আমরা অভিভূত। পরিবেশ সচেতনতায় আমাদের প্রত্যকেই এমন ভাবনায় উদ্বুদ্ধ হওয়া দরকার।
উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানের মাহবুব ইসলাম পলাশ তাড়াশ উপজেলার ক্ষিরপোতা আনন্দ বৌদ্ধ বিহার, মাধাইনগর মিশনারী চার্চ, তাড়াশ উপজেলা মডেল মসজিদ ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করেন।