
অনলাইন ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। রোববার (১১ অক্টোবর) দেশটির পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। খবর সানার।
বিবৃতিতে বলা হয়, এ হামলা বেসামরিক মানুষের নিরাপত্তা, বেসামরিক অবকাঠামো এবং আকাশপথে বিমান চলাচলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।
সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসীবিষয়ক মন্ত্রণালয় সৌদি নেতৃত্ব ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে নিহত সিরীয় নাগরিকের পরিবার এবং ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দামেস্ক।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি সিরিয়ার পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় সৌদি আরবের নেওয়া সব বৈধ পদক্ষেপের প্রতি সমর্থন জানানো হয়েছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের নিরাপত্তা সিরিয়ার পাশাপাশি পুরো অঞ্চলের নিরাপত্তারও অবিচ্ছেদ্য অংশ।
বিবৃতিতে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ এবং আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। এ জন্য কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছে সিরিয়া।
সূত্র : সানা