
ইসলাম ডেস্ক
ইসলামে ইবাদতের প্রতিটি ক্ষেত্রের জন্য রয়েছে সুনির্দিষ্ট ও সহজ নিয়ম-কানুন। তবে মানুষ হিসেবে নামাজে অনিচ্ছাকৃত কোনো ভুল বা বিস্মৃতি ঘটতেই পারে। এমনই একটি অতি পরিচিত পরিস্থিতি হলো বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যাওয়া। আমরা অনেকেই বিতরের নামাজে তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ার কথা ভুলে সরাসরি রুকুতে চলে যাই।
এমনটি ঘটলে শরিয়তের সঠিক নির্দেশনা কী এবং আমাদের নামাজ কীভাবে আদায় হবে—এ বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোকপাত করেছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করিম আবরার।
তিনি বলেন, অনেকেই বিতরের নামাজে ভুলবশত দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যাওয়ার পর, রুকু থেকে পুনরায় দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়তে শুরু করেন। এটা ঠিক নয়। শরিয়তের সঠিক মাসআলা অনুযায়ী, আপনি যদি ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যান, তাহলে রুকু থেকে উঠে আর নতুন করে দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ার কোনো প্রয়োজন নেই।
মুফতি আবরার আরও বলেন, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া মূলত ওয়াজিব। আর নামাজে যদি কোনো ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, তবে সেই ত্রুটি বা ক্ষতি দূর করার জন্য শরিয়তে একটি সুন্দর নিয়ম রয়েছে, যাকে আরবি পরিভাষায় বলা হয় ‘জাবরে নোকসান’। এর অর্থ হলো, ওয়াজিবের ঘাটতি বা ত্রুটি দূরীকরণ। এই ত্রুটি পূর্ণ হওয়ার ‘সিজদায়ে সহু’-ই যথেষ্ট। রুকু থেকে দাঁড়িয়ে পুনরায় দোয়ায়ে কুনুত পড়তে হবে না।