
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেল চারটার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সুবহান আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী রাফসান আহমেদ রোমান, শাহ সৌরভ ও জুয়েল মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এম.কে সুপার পরিবহনের একটি বাস বিকেল চারটার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি
গো-হাটা মোড়ে আসতেই সামনে থাকা একটি ধানবাহী ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায়। ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে সেটি আটক করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।