1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক। দৃশ্যপট 

 

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) ক্রুড অয়েলের তীব্র সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ।

 

 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ইআরএলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, চলমান সংকট মোকাবিলায় শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের বিকল্প উৎস ব্যবহার করা হয়েছে।

 

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং চারটি সংরক্ষণ ট্যাংকের ডেড স্টক (তলানিতে জমে থাকা তেল) উত্তোলন করেও পরিশোধন কার্যক্রম চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত ক্রুডের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

 

 

ইআরএল সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। এরপরও গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য ক্রুডের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

 

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে মোট ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আনা হয়, যা ইআরএলে পরিশোধনের মাধ্যমে বাজারে সরবরাহ করা হয়।

 

 

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে সৃষ্ট অস্থিরতার কারণে প্রায় দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইআরএলের উৎপাদন কার্যক্রমে।

 

 

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন ডিপোতে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে ইআরএল সাময়িকভাবে বন্ধ থাকলেও বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো সংকট তৈরি হবে না।

 

 

বিপিসি সূত্রে আরও জানা গেছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে অপরিশোধিত তেলের একটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। সেই চালান পৌঁছালে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করতে পারবে ইআরএল কর্তৃপক্ষ।

 

 

জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, একক রিফাইনারির ওপর নির্ভরশীলতা কমাতে দ্রুত দ্বিতীয় রিফাইনারি স্থাপন ও আমদানি বহুমুখীকরণ এখন সময়ের দাবি। অন্যথায় বৈশ্বিক অস্থিরতায় ভবিষ্যতে এ ধরনের সংকট আরও তীব্র হতে পারে।

সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com