
পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের এক সফল অভিযানে চুরি যাওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৬ কার্টুন মোবাইল ফোনের এলসিডি (LCD) ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তে প্রাপ্ত প্রধান আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর সার্বিক নির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ৪ জুন ২০২৬ বন্দর থানায় চুরি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯, ধারা-৪০৭/৪২০/১০৯, দণ্ডবিধি-১৮৬০)। মামলার এজাহার অনুযায়ী, বাদীর প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১০ কার্টুন মোবাইল ফোনের এলসিডি ডিসপ্লে চুরি হয়ে যায়।
মামলা দায়েরের পর তদন্তে নেমে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম রবিবার (৭ জুন) লোহাগাড়া থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় চুরিকৃত মালামালের মধ্যে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৬ কার্টুন মোবাইল এলসিডি ডিসপ্লে উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ডিসপ্লেগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, চুরিকৃত বাকি মালামাল উদ্ধারের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।