
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যালয়ের ইউনিফর্ম পরা অবস্থায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় চার ছাত্রীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) টিফিনের সময় বিদ্যালয়ের সিঁড়ি ও ছাদ এলাকায় ইউনিফর্ম পরা অবস্থায় ওই চার ছাত্রী ধূমপান করে। এ সময় তাদের একজন ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার পর রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘটনার সঙ্গে জড়িত চার ছাত্রীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
টিসি পাওয়া ছাত্রীরা হলো—বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘খ’ শাখার পাপিয়া খাতুন, সাদিয়া খাতুন ও সুমাইয়া খাতুন এবং সপ্তম শ্রেণির ‘খ’ শাখার লামইয়া খাতুন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “টিফিনের সময় ওই ছাত্রীরা ছাদে গিয়ে ধূমপান করে। সপ্তম শ্রেণির ছাত্রী লামইয়া ভিডিওটি ধারণ করে। পরে সে তার এক ছেলে বন্ধুকে ভিডিওটি দেখালে ওই ব্যক্তি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের গভর্নিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চার ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে।”
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, “ঘটনাটি সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিদ্যালয়ের ইউনিফর্ম পরা অবস্থায় শিক্ষার্থীদের ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষার্থীদের এমন আচরণের কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।