
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে পানসি নৌকাবাইচ চলাকালে দুই নৌকার বাইছালদের (মাঝি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সোনতলা এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, নৌকাবাইচে অংশ নেওয়া সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরোট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকার বাইছালদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই নৌকার মাঝি ও সঙ্গে থাকা লোকজনের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে নৌকাবাইচ আয়োজক কমিটির সদস্য ইউসুফ বলেন, দুই নৌকার বাইচ চলাকালীন সময় বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।