
হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশন উদ্যোগে চলছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। নাচোল উপজেলার কসবা ইউনিয়ন এর গোলাবাড়ি বাজারে ও আশপাশের স্কুলগুলোতে গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগ নিয়েছে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।
সার্বিক সহযোগিতায় ছিল চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন, আল বারাকা হসপিটাল রহনপুর, তুমিই বাংলাদেশ নামক রহনপুরের স্বেচ্ছাসেবী সংগঠন।
গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়, উজিরপুর গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গোলাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও গোলাবাড়ি বাজারে মঙ্গলবার এই ক্যাম্পেইনের উদ্বোধন হয়। এদিন বিভিন্ন বয়সের প্রায় ১২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়৷ ক্যাম্পেইনটি ঘিরে সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। আগামীতেও চলবে এই ক্যাম্পেইন।
ক্যাম্পেইন সম্পর্কে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের খুব জরুরি। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি।
সাধারণ সম্পাদক গোলাম রাব্বি সাগর বলেন, গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।
উপদেষ্টা অধ্যক্ষ গাজিউল আলম বলেন, রক্তদান একটি মহৎ কাজ, আমি একজন নিয়মিত রক্তদাতা। রক্তে দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা রক্তদানে সচেতনতা তৈরি করতে চাই। এই জন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমরা অনেকেই জানি না আমাদের রক্তের গ্রুপ কি। তাই আমাদের গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংগঠন থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে স্কুল পর্যায় থেকেই নিজের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকার করতে পারবে এবং নিজের রক্তের প্রয়োজন হলে অন্যদের থেকে গ্রহণ করতে পারবে।