
আশরাফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ভেজাল হলুদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং, ভেজাল উপাদান ও গুঁড়া হলুদ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট বড় ছত্রগাছা গ্রামে আব্দুল খালেক পাইকারের হলুদ ভাঙা মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব-১৩ এবং জেলা পুলিশ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। তিনি জানান, খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল থেকে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক রং, ভেজাল মেশানোর উপকরণ এবং গুঁড়া হলুদ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।
এ ঘটনায় মিল মালিক আব্দুল খালেক পাইকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাপেরহাট এলাকার কয়েকটি মিলে দীর্ঘদিন ধরে কাঠের গুঁড়া, ইটের গুঁড়া এবং মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক রং মিশিয়ে শুকনা গুঁড়া হলুদ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব ভেজাল পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
স্থানীয়দের দাবি, অতীতেও এ ধরনের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। তবে মাঝে কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবারও ভেজাল হলুদ তৈরির কার্যক্রম শুরু হয়। সর্বশেষ অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।
এদিকে, অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।