
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দ্রুতগতির দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রোববার(২৩ আগস্ট )সকালে দামুড়হুদা ব্রিজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে।
আহতরা হলেন দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২), অফিস স্টাফ চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২) ও দামুড়হুদা মন্দির পাড়ার রবিন আলির ছেলে রংমিস্ত্রি নিষ্কলঙ্ক (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে আসছিলেন শাহীন আলী। দামুড়হুদা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহীন আলী। আহত হন ফিরোজ হোসেন, জনি আহমেদ ও নিষ্কলঙ্ক। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।