
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে গবাদিপশু চুরির ঘটনা। গত ২৪ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্র ১৯টি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একের পর এক চুরির ঘটনায় খামারি ও সাধারণ কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট দিবাগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামের বিপ্লবের বাড়ির গোয়ালঘরের তালা ভেঙে দুধেল গাভীসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
এরপর ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের হায়দার আলীর বাড়ি থেকে এক রাতেই আটটি গরু চুরি হয়।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার বারুহাস ইউনিয়নে পৃথক দুটি চুরির ঘটনা ঘটে। এ সময় পেঙ্গুয়াড়ি গ্রামের মন্টু মিয়ার বাড়ি থেকে চারটি এবং কুসুম্বি গ্রামের এক কৃষকের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কুসুম্বি গ্রামের ওই কৃষকের নাম জানা যায়নি।
পরপর এসব চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান ব্যবহার করে রাতের আঁধারে গরু চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, “পুলিশ চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চুরি যাওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযান চলছে।”
এদিকে দ্রুত চোরচক্রের মূল হোতাদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া গরু উদ্ধারে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।