
তাড়াশ (সিরাজগঞ্জ )প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক ৪ চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বিক্রি ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় ৪টি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড এবং ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে। পরে অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকের সাজা আরও ১০ দিন বৃদ্ধি করা হয়।
দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত ট্রাকগুলোও থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।