তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী উত্তেজনা। ভোটের আগের দিন আজ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রশাসনিক তৎপরতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিল ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ সম্পন্ন হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কেন্দ্র ব্যবস্থাপনার কাজ প্রায় শেষ পর্যায়ে।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাড়াশ থানা পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ও নজরদারি পয়েন্ট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে—ভোট যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বসিত। তাড়াশে মোট ভোটার সংখ্যা আছে ১লাখ ৬৮ হাজার ৫৫৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ৮৩ হাজার ৮৪৭ জন, মহিলা ভোটার সংখ্যা ৮৪ হাজার ৭০৭ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আছে ৪ জন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে মোট ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন ভোটার তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন।
সব মিলিয়ে, তাড়াশে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং ভোটারদের মধ্যে রয়েছে সচেতনতা ও উৎসাহ—শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশায় পুরো উপজেলা।