
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সিংগাড়পাড়া গ্রামে গরু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। উপজেলায় পরপর কয়েকটি গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে কৃষক ও সাধারণ মানুষ নিজেদের গবাদিপশু রক্ষায় এ উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা বেড়েছে। গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে কৃষক ও খামারিদের গবাদিপশু চুরির ঘটনা ঘটছে। এতে চোর আতঙ্কে থাকা গ্রামবাসী নিজেরাই সংগঠিত হয়ে রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্রের হাতে অন্তত ২৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সিংগাড়পাড়া গ্রামের বিভিন্ন মহল্লায় একাধিক দল গঠন করে পাহারার ব্যবস্থা করা হয়েছে। সূর্যাস্তের পর থেকে পর্যায়ক্রমে সারারাত লাঠি ও টর্চলাইট হাতে নিয়ে গ্রামের বিভিন্ন গলি, সড়ক ও গোয়ালঘরের আশপাশে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন তারা।
সিংগাড়পাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, ‘গরু চুরি আমাদের এলাকার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি গরু হারিয়ে যাওয়া মানে একজন কৃষকের সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাওয়া। সারাদিন মাঠে কাজ করার পরও রাতে ঘুমানোর সুযোগ নেই। গবাদিপশু রক্ষায় বাধ্য হয়েই লাঠি-টর্চলাইট নিয়ে পাহারা দিতে হচ্ছে।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, ‘গরু চুরির বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতোমধ্যে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। গরু শুধু সম্পদ নয়, অনেকের জীবন-জীবিকার মূল ভিত্তি। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। গ্রামবাসী পাহারা দেওয়ার পাশাপাশি কোনো সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি চোখে পড়লে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করছি।’