
রহমত আরিফ,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করেছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন।
বক্তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত আধুনিক ও ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সরাসরি বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠান শেষে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বিক্রেতাদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন