
বিশেষ সংবাদদাতা, রায়গঞ্জ
প্রতি বছরের ন্যায় এবারও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বুধবার প্রকাশিত ফলাফলে জানা যায়, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ২৬ জন বৃত্তি লাভ করেছে। ১৩ জন মেধা বৃত্তি ও ১৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টি থেকে ৭৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে গৌরব ও আনন্দের এ বিষয়টি জানা যায়।
উপজেলার ৪৬টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাছাই করা শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। উপজেলার ১৬টি বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ধানঘরা উচ্চবিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ধানঘরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার বলেন, ২০১০ সালে প্রথম এ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি লাভ করে। তাদের মধ্যে পাঁচজন মেধা বৃত্তি ও আটজন সাধারণ বৃত্তি লাভ করে। এ ধারাবাহিকতায় ২০১৯ সালে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৪ জন মেধা বৃত্তি ও ১৩ জন সাধারণ বৃত্তি লাভ করে।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় থেকে এ পর্যন্ত ২৬৭ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৩৭ জন মেধা বৃত্তি ও ১৩০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
২০২৫ সালে মেধা বৃত্তি পাওয়া মাশরুবা হাবিব আনন্দ প্রকাশ করে বলে, শিক্ষক ও বাবা- মায়ের নির্দেশনা মেনে ক্লাসে অংশগ্রহণ ও নিয়মিত পড়ালেখা করায় এমন সাফল্য এসেছে। এ সাফল্য অব্যাহত রাখতে সে সকলের দোয়া কামনা করে। অভিভাবক আলমগীর হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, আগামী দিনেও এমন ফলাফল অব্যাহত থাকবে।
প্রধান শিক্ষক সোনাতন কুমার বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চেষ্টা করা হবে। এ জন্য তিনি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
ধানঘরা উচ্চবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. আবু ইউছফ জাকারিয়া বলেন, এমন ফলাফল শুনে ভালো লাগে। শিক্ষার্থীদের ভালো পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হতে চেষ্টা করার আহ্বান জানান তিনি।