
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় কথিত জাল দলিল ব্যবহার করে জমি নামজারি (খারিজ) করার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে রনী কান্ত (২৮) বাদী হয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫(১)(গ) ধারায় বুধবার (১০ জুন) একটি মামলা রুজু করা হয়।
মামলার অভিযুক্তরা হলেন ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া (ডাঙ্গারহাট) এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী হিরো (৪৭) এবং মধ্য ছাতনাই ময়দানের ভাঙ্গা এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৪২)। তাদের মধ্যে লিয়াকত আলী হিরো সংশ্লিষ্ট জমির মালিক এবং সুমন ইসলাম পেশায় দলিল লেখক বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, জাল ও ভুয়া দলিলের মাধ্যমে একটি জমি নামজারির আবেদন করা হয়। আবেদনটি যাচাইয়ের সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নজরে আসে। পরে তদন্তে দলিলের সত্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মঙ্গলবার (৯ জুন) অভিযুক্ত দুইজনকে আটক করে ডিমলা থানায় হস্তান্তর করা হয়।
ডিমলার সহকারী কমিশনার (ভূমি) বলেন, “জাল দলিলের মাধ্যমে নামজারি করার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ভূমি প্রশাসন কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মকে প্রশ্রয় দেবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে পৃথক এক অভিযানে ডিমলা থানা পুলিশ জিআর নং-৮৩/২৫ মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান (৩৬)-কে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল ভূমি জালিয়াতির ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি। একই সঙ্গে জমি ক্রয়-বিক্রয় ও নামজারি সংক্রান্ত কার্যক্রমে সাধারণ মানুষকে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।