
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচের প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। প্রোটিয়াদের বিশাল রানের নিচে চাপা পড়ার শঙ্কা ছিল টাইগারদের। কিন্তু শেষ দিনে বুধবার (২ সেপ্টেম্বর) পুরো চিত্র বদলে দিয়েছেন তাওহীদ হৃদয়। সাড়ে তিনশ রানের ইনিংস খেলে তিনি একাই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন।
আগের দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হৃদয়। বুধবার চতুর্থ ও শেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া হৃদয় গড়ছেন বাংলাদেশের ক্রিকেটে বিরল এক ইতিহাস। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি এখন এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।
তামিম ইকবালের ৩৩৪ রান টপকে হৃদয় করলেন ৩৫০ রান। পরে নিজের ফেসবুকে লিখেছেন, জাতীয় দলের হয়েও এমন ইনিংস খেলতে চান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লেখেন, ‘সত্যি বলতে এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনও পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’