
আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
ছোটবেলা থেকেই গরুর খামার গড়ে তোলার স্বপ্ন ছিল আব্দুল কুদ্দুসের। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০২৪ সালে তিনি গরুর খামার স্থাপন করেন। বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি সফলভাবে খামার পরিচালনা করছেন।
আব্দুল কুদ্দুস বর্তমানে অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। চাকরির প্রতি আগ্রহ না রেখে তিনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
বর্তমানে তার খামারে ১৪টি গরু রয়েছে। খামারে দুইজন কর্মচারী কাজ করছেন এবং তারা এই খামারের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। নিয়মিত পরিচর্যা, আধুনিক ব্যবস্থাপনা ও পরিশ্রমের মাধ্যমে তিনি খামারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আব্দুল কুদ্দুসের পিতা মৌজাফর রহমান বলেন, “আমি চেয়েছিলাম আমার ছেলে চাকরি করুক। কিন্তু সে বলত, ‘আমরা কেন অন্যের অধীনে কাজ করব? নিজেই কিছু করব।’ সেই চিন্তা থেকেই সে খামার গড়ে তুলেছে। আজ সে সফলতার পথে এগিয়ে যাচ্ছে। আমি তার আরও সাফল্য কামনা করি।”
স্থানীয়দের মতে, পড়াশোনার পাশাপাশি খামার পরিচালনা করে আব্দুল কুদ্দুস তরুণদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার এই উদ্যোগ একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে অন্য যুবকদেরও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করছে।