1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বৃষ্টি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক

 

মুকুলে ভরা আমবাগান, ঠিক এমন সময়েই নেমে এলো হঠাৎ বৃষ্টি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।

 

 

বিশেষ করে শিবগঞ্জ উপজেলার কানসাট, বিনোদপুর ও মোবারকপুর ইউনিয়নে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ায় বাগানজুড়ে বাড়ছে উৎকণ্ঠা।

 

 

বর্তমানে জেলার অধিকাংশ আমগাছে মুকুল ফুটে আছে। এমন সময়ে বৃষ্টি হওয়ায় ফলনের সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চাষিরা বলছেন, মুকুলের সময় আবহাওয়ার সামান্য বিরূপ প্রভাবও উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

 

কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন, অসময়ের বৃষ্টিতে আমের মুকুলে ছত্রাকজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে ও বাগানের পরিচর্যা নিশ্চিত করলে সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

 

 

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, ‘আমচাষ পুরোপুরি আবহাওয়ানির্ভর। বৃষ্টির পর রোদ উঠলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমে যাবে বলে আমরা আশা করছি।’

 

 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘যেসব গাছে সদ্য মুকুল এসেছে সেগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। তবে যেসব মুকুলে ইতোমধ্যে গুটি ধরেছে, তাদের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারও বয়ে আনতে পারে।’

 

 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

 

 

তিনি বলেন, ‘এই বৃষ্টিতে ধান, গম ও পেঁয়াজসহ অন্যান্য ফসলের উপকার হতে পারে।’

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে প্রায় ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫টি আমগাছ রয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৯১২ টন।

 

 

আমনির্ভর অর্থনীতির এ জেলায় এখন সবার দৃষ্টি আকাশের দিকে। আবহাওয়া অনুকূলে থাকলেই লক্ষ্যমাত্রা অর্জনের আশায় বুক বাঁধছেন চাষিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com