ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত, পরিচয় জানা যায়নি
সংবাদ প্রকাশক:
Update Time :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
২৯৯
Time View
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কায় এক অপরিচিত নারীর মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ দিকে তাঁর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক বিষয়টি জানিয়েছেন। ওসি জানান, উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় আজ সকাল আনুমানিক ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,দিনাজপুরের দিক থেকে আসা সাদা রং এর একটি প্রাইভেট কার রাণীগঞ্জ বাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে রং সাইডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত ওই নারী অটোরিকশা নিচে চাপা পড়েন। তিনি মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত পান। এসময় গাড়ির মালিক লিমন মিয়া স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ার পর সেখান থেকে রংপুর মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি নাজমুল হক বলেন, কারের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে ও রাস্তার পাশে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৫০ বছর হতে পারে। তার পরনে ছিল সালোয়ার ও কামিজ। তবে স্থানীয়রা জানিয়েছেন ওই নারী ভবঘুরে মানসিক ভারসাম্যহীন। তারপরও ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।