সিরাজগঞ্জের তাড়াশে গবাদিপশু চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে বাঁশের ব্যারিকেড দিয়ে ‘বাঁশকল’ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। রাতের আঁধারে চোর ও অপরাধীদের তৎপরতা ঠেকাতে গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে এসব চেকপোস্টে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, তাড়াশ থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে গভীর রাতে চলাচলকারী সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশের বিভিন্ন বাঁশকল চেকপোস্ট সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। পরিদর্শনকালে তিনি পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় দায়িত্বে থাকা সদস্যদের কাজ আরও কার্যকর ও নিরাপদ করতে তাঁদের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন। পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুর রহমান, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে ‘বাঁশকল’ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
তিনি আরও জানান, গভীর রাতে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করায় দায়িত্বে থাকা সদস্যদের মনোবল বেড়েছে। জনস্বার্থে এ সমন্বিত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
তাড়াশ থানা সূত্রে জানা যায়, থানা এলাকার গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করে বাঁশকল স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






