
নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফসলি জমিতে প্রস্তাবিত নদী পুনর্খনন নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে ‘গুজব ও বিভ্রান্তিকর’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার ডিডি শাহবাজপুর বউ বাজার এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ও সদস্য সচিব আবদুল মান্নান মধুসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা দাবি করেন, সম্প্রতি কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, ফুলজোড় নদী পুনর্খনন নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি এবং প্রশাসনের কাছ থেকেও এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সভায় রেজাতে রাব্বি উথান বলেন, গত ২৮ এপ্রিল শাহবাজপুর ও রসুলপুরসহ আশপাশের এলাকার কয়েকশ কৃষক ফুলজোড় নদীর পাড়ে মানববন্ধন করেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, নদী পুনর্খনন করা হলে বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে। তবে এ আন্দোলনকে ‘ভুল বোঝাবুঝির ফল’ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ও আওয়ামী লীগের কিছু ‘ষড়যন্ত্রকারী’ ব্যক্তি কৃষকদের বিভ্রান্ত করে বিএনপির বিরুদ্ধে অবস্থান তৈরি করার চেষ্টা করছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, “কিছু গণমাধ্যমে বিএনপি জোরপূর্বক খাল খনন শুরু করেছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি দাবি করেন, জনগণের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিডি শাহবাজপুর এলাকায় ফুলজোড় নদী বা খাল পুনর্খননের কোনো সরকারি পরিকল্পনা এখনো গ্রহণ করা হয়নি।