
শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
ইত্তেফাক-এর রায়গঞ্জ সংবাদদাতা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগার পর গত ১৩ ফেব্রুয়ারি তীব্র জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সংকটাপন্ন অবস্থায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. অসীম কুমার ঘোষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, তিনি মেডিসিন বিভাগের ৫৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেডে গত সাত দিন ধরে ভর্তি রয়েছেন।
চিকিৎসক ডা. অসীম কুমার ঘোষ বলেন, দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা, ডায়াবেটিস ও হৃদরোগের জটিলতা তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছে। এ কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রোগীর অবস্থার উন্নতির জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও ধারাবাহিক চিকিৎসা অত্যন্ত প্রয়োজন।
এদিকে সাংবাদিক দীপক কুমার করের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।