
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা গ্রামের অসুস্থ ও অসহায় বৃদ্ধা রেজিয়া বেগমকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভার ও নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন রেজিয়া বেগম। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। এক সময় অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও বয়স ও অসুস্থতার কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না। ফলে একাকী কষ্টে দিন কাটছে তার।
বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মী ও দৈনিক প্রতিদিনের দৃশ্যপট অনলাইন মাল্টিমিডিয়া প্রধান লিমন আহমেদ হৃদয় মানবিক সহায়তার উদ্যোগ নেন। তার ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী সংগ্রহ করা হয় এবং স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস শনিবার (৭ মার্চ) বিকেলে সেগুলো রেজিয়া বেগমের হাতে তুলে দেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল—এক বস্তা চিকন চাল, ৩০টি ডিম, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি লবণ এবং পাঁচ কেজি আলু।
স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, “বৃদ্ধা রেজিয়া বেগমের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামান্য এই সহায়তা তার কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি।”
গণমাধ্যমকর্মী লিমন আহমেদ হৃদয় বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আশা করি সমাজের আরও বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এসে তাদের সহায়তায় হাত বাড়িয়ে দেবেন।”
স্থানীয়রা জানান, এই খাদ্য সহায়তা কিছুদিনের জন্য হলেও রেজিয়া বেগমের খাদ্য সংকট লাঘবে সহায়ক হবে। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান।