
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী ও কিছু গণমাধ্যমকর্মীর অপমানজনক আচরণ, হয়রানি এবং আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান বক্তারা।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) রায়গঞ্জ উপজেলা মডেল শাখার উদ্যোগে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া রায়গঞ্জ উপজেলা মডেল শাখার সভাপতি এস এম তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাফিউল আলম প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁদের মাধ্যমে চিকিৎসকদের কাছে নতুন ওষুধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়াসহ বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় তথ্য সরবরাহে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অযথা হয়রানি, অপমান এবং হেনস্তার শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের পেশা নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, যা একজন পেশাজীবীর মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
বক্তারা আরও বলেন, “আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধি, আমরা চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ। আমাদের কার্যক্রম ছাড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেকাংশেই ব্যাহত হবে। আমরা কোনো অবৈধ কাজ করি না, বরং মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করি।”
মানববন্ধন থেকে বক্তারা ঔষধ প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত সম্মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় ফারিয়ার রায়গঞ্জ উপজেলা মডেল শাখার সদস্যসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।