সিরাজগঞ্জে ঢাকা ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়ে সিল্কসিটি ট্রেনের চাকা খসে পড়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির বাকী সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, যান্ত্রিক ক্রটির কারনেই সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগির ২টি চাকার সংযোগ থেকে খসে পড়ে যায়। লাইনচ্যুত বগিটি উদ্ধারে আমরা রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেনটি উদ্ধার করতে অন্তত ৩ ঘন্টা সময় লাগবে বলে তিনি জানান।







