
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাইয়েব আলী, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার এবং তাড়াশ প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ জেড এম নাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রকৃত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবের চেষ্টা অব্যাহত রয়েছে। সমাজের দুস্থ ও অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে নিয়মমাফিক তালিকা অনুযায়ী উপকারভোগী দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্যের চাল বিতরণ করা হয়।