
নিজস্ব প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কৃষি অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. মনজুরে মাওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন টি. এম. শাহাদত হোসেন ঠান্ডা, রুসম রেওয়াজ তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকরা।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এবং রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।