
দৃশ্যপট স্পোর্টস ডেস্ক
টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। অপেক্ষায় ছিল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কনোলি। আর ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন কোনোলি। ১৩৪ বলের ইনিংসে ১৩ চার ও ৬টা ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।
এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ২ ফিফটিতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট।
এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দুজন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। ৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।
লাল টুকটুকে গাড়িটি তাওহিদ হৃদয় তার মাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরস্কার গ্রহণ করার পর তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হৃদয় বলেছেন, গাড়িটি মাকে দিতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা (গাড়ি) ইচ্ছা আছে আমার আম্মাকে দেওয়ার। আমার একটা গাড়ি আছে, বাসায় আরেকটা গাড়ি দিতে চাই। সিরিজ শুরুর আগে থেকেই ইচ্ছা ছিল, যদি কোনোভাবে আমি গাড়িটা জিতে যাই, তাহলে বাসায় দেওয়ার ইচ্ছা।’
পরে নিজের ফেসবুক পেইজেও গাড়ির সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করে একই কথা জানান হৃদয়। সেখানে তিনি লিখেছেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?’