
সলঙ্গা( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ হাট সলঙ্গা। এই হাটের প্রবেশপথেই সেতুর পশ্চিম পাশে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তটি এখন স্থানীয় যাত্রী ও যানবাহন চালকদের জন্য এক চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী ভ্যান, রিকশা, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন মারাত্মক বিঘ্নের সম্মুখীন হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা হাট অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও বড় হাট। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই হাটের দিনগুলোতে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার হাজার হাজার মানুষ ও শত শত পণ্যবাহী যানবাহন এই সেতু দিয়েই যাতায়াত করে। হাটের দিনগুলোতে সেতুর মুখের এই বিশাল গর্তের কারণে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট, যা ঘণ্টার পর ঘণ্টা স্থায়ী হয়। অনেক সময় পণ্যবাহী ভ্যান ও ভটভটি এই গর্তে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।
ভুক্তভোগী কয়েকজন যানচালক ও পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার মুখে এমন গর্ত থাকা সত্ত্বেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সাধারণ দিনে কষ্ট করে চলাচল করা গেলেও সোমবার আর বৃহস্পতিবার হাটের দিনে এখানে চলাচল করা নরক যন্ত্রণার মতো হয়ে দাঁড়ায়।”
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর এই জনগুরুত্বপূর্ণ রাস্তা ও সেতুর বেহাল দশা সম্পর্কে অবগত থাকলেও এখন পর্যন্ত গর্তটি ভরাটের বা রাস্তা সংস্কারের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকেরা যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং হাটের দিনে যানজট নিরসনে জরুরি ভিত্তিতে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে এই বিশাল গর্তটি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বলেন, সেতুটি রায়গঞ্জের মধ্যে হলেও এটা উল্লাপাড়া তদারকি করে। এ ব্যাপারে উল্লাপাড়া প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।