
আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রাম থেকে মো. হযরত আলীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইয়াবা সেবন ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে রাত দেড়টার দিকে সাদুল্লাপুর উপজেলার জানিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান ওরফে মান্না (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি মৃত কলম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তার বাড়ির আঙিনায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক সংরক্ষণের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার সঙ্গে থাকা তিনজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানের দেহ তল্লাশি করে দুটি নীল জিপার প্যাকেটে রাখা মোট ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা (নং-২৪, তারিখ: ৩১ মে ২০২৬) দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।