
পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারটি মামলার সাজা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি মো. সেলিম চৌধুরী। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার ২৫৪ নম্বর সোনা মিয়া মার্কেটের আলহাজ আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি দল রোববার (৩১ মে) থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আসাদুজ্জামান। এ সময় এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা, এএসআই জামাল মিয়া, এএসআই সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, সেলিম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট চারটি সিআর সাজা ওয়ারেন্ট ছিল। এর মধ্যে অর্থঋণ জারি মামলা নং-৮২৮/২৫-এ দুই মাসের দেওয়ানি আটকাদেশ এবং অর্থঋণ জারি মামলা নং-৯৭২/২৫-এ তিন মাসের দেওয়ানি আটকাদেশ রয়েছে। এছাড়া অর্থজারি মোকদ্দমা নং-৫০৯/১৮-এর দুটি পৃথক ওয়ারেন্টে ছয় মাসের দেওয়ানি আটকাদেশ জারি ছিল।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।