
আশরাফুল,গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী রাজাবিরাট এলাকায় শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের সম্পত্তি আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় রাজাবিরাট বাজারের প্রধান সড়কে মন্দিরের ভক্তবৃন্দ ও এলাকাবাসীর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার রাজাবিরাট এলাকায় অবস্থিত শত বছরের পুরোনো শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরের বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী কুচক্রী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে এবং পেশিশক্তির মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে মন্দিরের কিছু জমি দখল হয়ে যাওয়ায় ধর্মীয় কার্যক্রম ও ঐতিহ্য হুমকির মুখে পড়েছে বলেও তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি দিপক চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক দিপক চন্দ্র বর্মন এবং উপদেষ্টা পরিষদের সভাপতি শম্ভু নাথ বর্মন। তারা অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—ফেরদৌস টুনু, লুৎফর, রাসেল, জহুরুল, উজ্জ্বল ও কামরুল—মন্দিরে এসে মোটা অংকের চাঁদা দাবি করছে। এছাড়া তারা এলাকায় মাইকিং করে মন্দিরের জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।
বক্তারা আরও বলেন, এই মন্দিরটি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত লাভের আশায় এই পবিত্র সম্পত্তি দখলের অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়—অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মন্দিরের দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল রাজাবিরাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নিলে রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় মন্দিরের শত শত ভক্ত ছাড়াও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন