
স্টাফ রিপোর্টার :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পরিচালিত এ অভিযানে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র্যাব-১৩, রংপুরের সমন্বয়ে পরিচালিত অভিযানে গঙ্গাচড়া থানার চেংমারী এলাকা থেকে মো. রুবেল মিয়া (৩৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় সেকেন্দার আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, এর আগে গত ২৯ মার্চ সিরাজগঞ্জে পৃথক এক অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় তা আসল নোট হিসেবে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। অভিযানে তার কাছ থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতার রুবেল মিয়ার বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা, প্রতারণার মামলা এবং গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাল টাকা চক্রসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।