পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিশ্ছিদ্র নিরাপত্তা ও নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজন নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ মে) সকালে নগরীর ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী।
পরিদর্শনকালে সিএমপি কমিশনার ঈদগাহ মাঠের নিরাপত্তা চৌকি, মুসল্লিদের প্রবেশ ও বাহির হওয়ার পথ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহন পার্কিংয়ের নির্ধারিত স্থানগুলো ঘুরে দেখেন। একই সাথে ভিআইপি মুভমেন্টসহ মাঠের আশপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে সম্পূর্ণ নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে উপস্থিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কঠোর দিকনির্দেশনা প্রদান করেন সিএমপি প্রধান। পরিদর্শন শেষে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন এবং ঈদকে কেন্দ্র করে পুলিশের নেওয়া সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সিএমপি কমিশনার জানান, নগরবাসীর ঈদ উদযাপন নিরাপদ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রধান প্রধান ঈদগাহসহ পুরো নগরীজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
মাঠ পরিদর্শনকালে সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব ওয়াহিদুল হক চৌধুরী — অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)।
জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া — উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) [অতিরিক্ত ডিআইজি]।
জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম — উপ-পুলিশ কমিশনার (সদর) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত]।
এছাড়াও সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat