সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং তার দুই সহপাঠীকে যৌন নিপীড়ন করার অভিযোগে অভিযুক্ত যুবক সজীবকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বুধবার (৬ মে) গ্রেপ্তারকৃত আসামিকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সজীব শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। তার বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে তিন স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয় সজীব। সে সময় বাড়িতে তার স্ত্রী বা পরিবারের অন্য কেউ ছিল না। সুযোগ বুঝে সজীব শিশুদের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাদের হাত-পা বেঁধে বিবস্ত্র করে যৌন নিপীড়ন চালায়। একপর্যায়ে অন্য দুই শিশুকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে সজীব এক শিশুকে ধর্ষণ করে।
ভয়াবহ এই ঘটনার পর সজীব শিশুদের মুখ বন্ধ রাখার জন্য ৩০০ টাকা দেওয়ার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তবে শিশুরা টাকা না নিয়ে বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করেন প্রভাবশালীরা। গত ২৬ এপ্রিল বিকেলে এ নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালিশ পণ্ড করে দেয়। ওই রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সজীব পলাতক ছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি সজীবকে র্যাব কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বুধবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুদের জবানবন্দি রেকর্ডসহ মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat