সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রায় ৪২ হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. আব্দুস সালাম।
তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা যেন নতুন বই পেতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে উপপরিচালক বলেন, "ডাহিয়া আমার নিজ গ্রাম ও জন্মস্থান। এখানে আমার শৈশব কেটেছে। এই প্রাথমিক বিদ্যালয়ের মাটির ঘরে আমরা পড়ালেখা করেছি। আজ সেই মাটির ঘর নেই, প্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা এখন পাকা ভবনে পড়ালেখা ও উন্নত মানের ওয়াশ ব্লক ব্যবহারের সুযোগ পাচ্ছে। এখন শুধু প্রয়োজন তাদের নিয়মিত স্কুলে পাঠানো।"
মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, "সন্তানকে নিয়ে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্ন যত বড় হবে, পরিশ্রমও তত বেশি করতে হবে। ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় সন্তানকেও ডেকে তুলবেন।" এছাড়া পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা না করালে ছেলে-মেয়েদের মেধা বিকশিত হয় না উল্লেখ করে তিনি অভিভাবকদের তাদের নিয়মিত খেলাধুলায় উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।
ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোফরান হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, সিংড়ার পিটিআই-এর ইন্সট্রাক্টর মো. আব্দুল মতিন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোকপাত করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat