তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া গ্রামে অবস্থিত মিশাম ব্রিডার এগ্রো হ্যাচারি থেকে নির্গত পচা ও নষ্ট ডিমের দুর্গন্ধে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে হ্যাচারির বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, হ্যাচারিতে প্রতিদিন বিপুল পরিমাণ পচা, নষ্ট ও ফুটতে ব্যর্থ ডিম উৎপন্ন হয়। অভিযোগ রয়েছে, এসব বর্জ্য নির্ধারিত ও পরিবেশসম্মত পদ্ধতিতে অপসারণ না করে আশপাশের খোলা স্থানে ফেলে রাখা হচ্ছে। ফলে তীব্র রোদে ডিমগুলো পচে গিয়ে আশেপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, দুর্গন্ধের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অনেকেই ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও স্বস্তিতে থাকতে পারছেন না। রাস্তাঘাটে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এবং দৈনন্দিন কর্মকাণ্ডেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীরা বেশি দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, দুর্গন্ধের কারণে খাওয়া-দাওয়া, বিশ্রাম ও ঘুম ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে হ্যাচারির বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। একইসঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসী তাড়াশ উপজেলা প্রশাসন, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat