শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাঁতী গ্রামীণ ব্যাংক থেকে উত্তরপাড়া অভিমুখী সড়কটি এখন দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে হাঁটু পানি, আর কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সোমবার ( ২৭ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, স্থানীয় হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ শত শত মানুষের একমাত্র চলাচলের পথ এই সড়কটি। প্রতিদিন এই পথ দিয়েই বয়োবৃদ্ধ থেকে শুরু করে স্কুলগামী শিশুদের যাতায়াত করতে হয়। তবে বর্ষার সময় রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের প্রতিদিনই পানিতে ভিজে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সড়কটি হেয়ারিং বোন (এইচ বি বি) পদ্ধতিতে উন্নয়ন করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে আশপাশের বসতভিটা উঁচু হয়ে যাওয়ায় রাস্তা এখন নিচু হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সেই পানি দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকে।
এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের ছয় লেন প্রকল্পের অতিরিক্ত বৃষ্টির পানিও এই সড়ক দিয়ে প্রবাহিত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে করে স্কুলগামী শিক্ষার্থী ও বাজারগামী সাধারণ মানুষকে বাধ্য হয়ে হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি উঁচু করা এবং পাশ দিয়ে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ দুটি উদ্যোগ বাস্তবায়ন করা হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য বাবলু সূত্রধর জানান, সড়কটি উঁচু করার জন্য ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হবে।”
ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী বলেন, “আমরা সরেজমিনে পরিদর্শন করে সমস্যার গুরুত্ব বিবেচনায় ড্রেন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করব।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat