মোঃআমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে দীর্ঘদিন ধরে পোল্ট্রি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে কথিত মাদক সম্রাজ্ঞী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মোট মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মর্জিনা আক্তার ওরফে গেন্দি উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি এলাকার আতোয়ার হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি সোনাহাট স্থলবন্দরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ আটক করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat